জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য পদ হারানোর পর এবার দলের সদস্য পদও হারাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির সংশ্লিষ্ট সূত্র এ কথা জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত বৃহস্পতিবার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন মিষ্টি।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সরকারি দলের নীতিনির্ধারণী থেকে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার পদত্যাগ কার্যকর হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের কারণ উল্লেখ করেননি।
এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, রাড্ডা সেন্টারের ঘটনায় তদন্ত হওয়া উচিত। তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত যা হবে, সেটাই হবে।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। মিষ্টিকে এবার বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন।
রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করেনি বিএনপি। তবে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
তবে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি।