নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ এএম

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে এসে নাটোর রেলস্টেশনে ক্রিল লেন্ডার (১৮) নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলের দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ক্রিল লেন্ডার।

ভুক্তভোগী ক্রিল লেন্ডার জানান, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহার আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধাগামী একটি ট্রেনে নাটোরে পৌঁছান। নাটোর থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তাঁর। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তাঁর কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। ওই যুবকের কথায় বিশ্বাস করে তিনি তাঁর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ওই যুবকটি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার পর ক্রিল লেন্ডার নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী জার্মান পর্যটক রাতে থানায় আসেন। পরে সব খুলে বলার পর তাঁকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তাঁর চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত