একপেশে লড়াইয়ে হার জ্যোতিদের

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে স্মরণীয় কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। গতকাল ব্রিসবেনে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে মাত্র ১৪৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মেগান শুটের করা ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন সফরকারী ওপেনার ফারজানা হক। পরের ওভারে ৪ রান করে বিদায় নেন শারমিন সুলতানা। দলীয় ১১ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। এরপর শারমিন আক্তার ২৪ ও সোবহানা মোস্তারি ২ রান করে ফিরলে বিপর্যয় আরও বাড়ে। সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জ্যোতি। কিন্তু তার ব্যাটিংয়ের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি মাসেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এই অভিজ্ঞ ব্যাটার আস্থার প্রতিদান দিতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে খেললেও মন্থর গতিতে রান তুলে দলকে আরও চাপের মুখে ফেলেন। ৮৬ বল খেলে মাত্র ২৯ রান করেন জ্যোতি।

তবে ব্যাটারদের জন্য সহায়ক এই উইকেটে যে রান করা কঠিন নয়, সেটা রিতু মনির ইনিংসে পরিষ্কার হয়ে যায়। দলের বিশেষায়িত শেষ ব্যাটার স্বর্ণা আক্তার ২১ রান করে আউট হন। এতে ১২২ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ। এরপর ঝোড়ো ব্যাটিং করেন রিতু। তার ৬৩ বলে ৪৫ রানের সৌজন্যে ১৫০ ছাড়ায় সফরকারীদের ইনিংস। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ১৯ রানে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রানে ৪টি এবং শুট ১৯ রানে ২টি উইকেট নেন।

জবাবে ফিবি লিচফিল্ডের ব্যাটিং ঝড়ে একেবারেই লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। ৫৯ বলে ৭৭ রানের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ান এই ওপেনারে। লিচফিল্ডের বিদায়ের পর এলিস পেরি ২৬ ও ম্যাচসেরার পুরস্কার জেতা সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। হাবিবা ইসলাম দুটি ও রাবেয়া খান একটি উইকেট পেলেও তা ছিল সান্ত্বনা মাত্র।

সর্বশেষ সর্বাধিক পঠিত