শ্রীমঙ্গলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মকসুদুর রহমান মকসুদের বিরুদ্ধে একটি ফেক ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম আশিদ্রোনের আইয়ুব মার্কেটের সামনে এ প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আশিদ্রোন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোব্বাসিরুল হক মবসিল, আইয়ুব আলী মার্কেট কমিটির সভাপতি মো. ছুরুক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. হান্নান, স্থানীয় মাওলানা আব্দুল আহাদ, মাষ্টার মিজানুর রহমানসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশিদ্রোন ইউনিয়ন নিউজ’ নামে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে ইউনিয়নের জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মকসুদুর রহমান মকসুদের বিরুদ্ধে এআই দিয়ে তৈরি বিকৃত ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরণের কর্মকাণ্ড একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করতে পারে। তাই এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য বা ছবি প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি।

মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে কাউকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

প্রতিবাদ সভায় বক্তারা এআই প্রযুক্তির অপব্যবহার বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 




সর্বশেষ সর্বাধিক পঠিত