ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক, আজীবন সম্মাননা সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেনের

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের জন্য ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং ২০২৫ সালের জন্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। দুই বছরের পুরস্কারে ছয়জন লেখক বিভিন্ন বিভাগে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২৪ সালের পুরস্কারে ‘বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ বইয়ের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ বিভাগে আবুল আহসান চৌধুরী, ‘সময় বহিয়া গেল’ বইয়ের জন্য কবিতা ও কথাসাহিত্য বিভাগে আনোয়ারা সৈয়দ হক এবং ‘জলমাকড়ের নৌকাবাইচ’ বইয়ের জন্য তরুণ সাহিত্যিক বিভাগে নিজাম বিশ্বাস পুরস্কার পেয়েছেন।

২০২৫ সালের পুরস্কারে ‘পালকের চিহ্নগুলো’ বইয়ের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ বিভাগে নাসরীন জাহান, ‘মানচিত্র’ বইয়ের জন্য কবিতা ও কথাসাহিত্য বিভাগে শাহীন আখতার এবং ‘সায়ানাইড ফুল’ বইয়ের জন্য তরুণ সাহিত্যিক বিভাগে মাহবুব ময়ূখ রিশাদ বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন এবং দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

আজীবন সম্মাননা বিজয়ীরা পাঁচ লাখ টাকা করে, প্রবন্ধ ও কবিতা-কথাসাহিত্য বিভাগে বিজয়ীরা তিন লাখ টাকা করে এবং তরুণ সাহিত্যিক বিভাগে বিজয়ী দুই লাখ টাকা পুরস্কার পেয়েছেন। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পুরস্কারের জন্য ৪৬০টি এবং ২০২৫ সালের জন্য ৫১০টি বই জমা পড়ে। সাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বইগুলো থেকে বিজয়ীদের নির্বাচন করে।

ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ বলেন, লেখক ও পাঠকদের সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মানুষের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, দেশীয় সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করে আসছে সমকাল। ভালো সাংবাদিকতার চর্চায় সাহিত্য ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ সর্বাধিক পঠিত