জনপ্রিয়তা অর্জন করতে কে না চায়? কিন্তু চাইলেও সবাই জনপ্রিয়তা অর্জন করতে পারে না। তবে কয়েকটি গুণ অর্জন করলেই চারপাশের মানুষের কাছে প্রিয় হতে পারবেন আপনিও।
দেখুন শুনুন বুঝুন : চারপাশের পরিবেশ থেকে না শিখলে মানুষের প্রিয় হতে পারবেন না। এর জন্য প্রয়োজন পর্যবেক্ষণ ক্ষমতা। পরিবেশ দেখে সে অনুযায়ী আচরণ করতে না পারলে চারপাশের মানুষ আপনাকে সহজভাবে গ্রহণ করবে না। তাই নিজের কোনো বক্তব্য প্রকাশ করার আগে উপস্থিত ব্যক্তি সম্পর্কে ধারণা নিতে চারপাশের পরিবেশ দেখুন, শুনুন ও বুঝুন।
চিন্তাশীলতা : চিন্তাশীল মানুষকে সবাই পছন্দ করে। একজন চিন্তাশীল ব্যক্তি যেকোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে পারে এবং কোনো কাজের সবচেয়ে ভালো পদ্ধতি বের করতে পারে। সে কারণে প্রত্যেকে তার কাছে পরামর্শ চায়। এভাবে তিনি সবার প্রিয় মানুষে পরিণত হয়।
দ্বন্দ্ব সমাধানের ক্ষমতা : দ্বন্দ্ব সৃষ্টি সহজ। কিন্তু সমাধান করা সহজ নয়। সব মানুষ তা পারেও না। কিন্তু যে ব্যক্তি দ্বন্দ্বের সমাধান করে তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই দ্বন্দ্ব সমাধানের ক্ষমতা অর্জন করার চেষ্টা করুন। এর জন্য প্রয়োজন অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার দৃষ্টিভঙ্গি।
নেতৃত্বদানের ক্ষমতা : নেতৃত্ব হলো এমন একটি গুণ যা শুধুমাত্র আত্মোন্নয়নের মধ্য দিয়ে বিকশিত হয়। যে ব্যক্তি নিজ উদ্যোগে কাজে ঝাঁপিয়ে পড়েন, তাকে সবাই পছন্দ করে। তাই দলবেঁধে খেতে যাওয়া, শীতবস্ত্র বিতরণ কিংবা কারও জন্য রক্ত জোগাড় করে দেওয়াসহ সব কাজেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যান। অপরিচিত বা পরিচিতদের কারও বিপদে এগিয়ে যাওয়ার এই ক্ষমতাই আপনাকে অন্যদের কাছে প্রিয় করে তুলবে।