বিদ্যালয় জীবনের দিনগুলো প্রতিটি মানুষের জীবনেই বিশেষ। তবে আমার মাধ্যমিক জীবনের অধ্যায়ে দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মিজানুর রহমান মিজান স্যারের অবদান চিরস্মরণীয়। তিনি শুধু পাঠ্যবইয়ের পাতায় আমাদের শিক্ষা সীমাবদ্ধ রাখেননি, বরং জীবনের সঠিক পথ বেছে নিতে শিখিয়েছেন। যখনই পড়ালেখা কিংবা জীবনের কোনো মোড়ে থমকে দাঁড়িয়েছি, মিজান স্যার পরম মমতায় সঠিক পথ দেখিয়েছেন। আমার জীবনের সঠিক ‘ইউ-টার্ন’ নিতে শেখানো মানুষটিই হলেন তিনি। যখন নিজের লক্ষ্য ও ভুল সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছিলাম, তখন স্যারের দেওয়া দিকনির্দেশনা ও অকৃত্রিম উৎসাহ আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। তিনি বিশ্বাস করতে শিখিয়েছিলেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো সম্ভব। স্যারের সেই অনুপ্রেরণাদায়ী কথাগুলোই আজ আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি। ক্লাসরুমের গন্ডি পেরিয়ে মিজান স্যার আমাদের শিখিয়েছেন নীতি, আদর্শ ও ঘুরে দাঁড়ানোর মন্ত্র। আজ জীবনের প্রতিটি অর্জনে এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলে স্যারের সেই স্মিত হাসিমাখা দিকনির্দেশনার কথা মনে পড়ে। তিনি কেবল একজন আদর্শ শিক্ষক নন, আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া চিরন্তন দিশারী।
শিক্ষার্থী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া