প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস আমাদের সামনে শিক্ষার অগ্রগতি বাড়াতে শিক্ষকদের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরে। শিক্ষক আমাদের জীবনের পথপ্রদর্শক, যিনি আমাদের পরিবারের বাইরের পৃথিবীকে চিনতে সাহায্য করেন। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, তিনি আমাদের আত্ম-উন্নয়নমূলক ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন। অথচ আমরা বেশিরভাগই আমাদের শিক্ষকদের অবদান ভুলে যাই। আমার জীবনের দর্পণে তাকালে দেখতে পাই খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষক সালমা ম্যামকে। জীবনের ভিত্তি তৈরিতে সহায়তাকারী সেখানকার সব শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু সালমা ম্যামকে বিশেষায়িত করার কারণ, তিনি আমার লেখক জীবনের মূল ভিত্তি তৈরির প্রেরণা। জীবনের প্রথম কবিতাটি লিখেছিলাম ম্যামের নির্দেশে আর এখন খবরের কাগজে লেখার সৌভাগ্য হচ্ছে তার মমতাময়ী প্রেরণায়। তিনি আমাকে একজন ভালো মানুষ হয়ে ওঠার বাণী শুনিয়েছিলেন। অনেক দিন ধরে ম্যামের সঙ্গে দেখা হয় না। কিন্তু তার কথাগুলো আজও আমার কানে বাজে। তার অমোঘ বাণী স্মরণ করে আজও অনুপ্রাণিত হই। ‘আপনাকে স্যালুট জানাই ম্যাম, অনেক ভালো থাকবেন।’
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া