সীমান্তের ওপারে কে কী করছে জানি না, তবে এপারে পারবে না

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

সীমান্তের ওপারে কে কী করছে, তা জানি না। তবে সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জে, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত সদস্যদের রাজধানী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। পরে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে আহত সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বিজিবির মহাপরিচালকসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সীমান্তের ওপার থেকে জ¦ালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশালমিছিল করেছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা। সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তারা জানেন না। তবে সীমান্তের এপারে, বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না। বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না। এ সময় দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। আহত সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের পুলিশ পদকসহ অন্যভাবে পুরস্কৃত করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক আহত হননি, কোনো প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সবসময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এমনটা ধরেই নেওয়া হয়। সে জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। জ¦ালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাইবোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তবে তারা সফল হবেন না।

এদিকে, গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত