সুন্দরবনে পুঁতে রাখা ১৪ আগ্নেয়াস্ত্র ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

খুলনার সুন্দরবনে জলদস্যু ‘আলিফ বাহিনী’র সদস্যদের আত্মসমর্পণের পর বনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি সেট ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। চার মাস আগে এসব অস্ত্র ও সরঞ্জাম মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

সোমবার (১২ অক্টোবর) খুলনায় এসআরবি-৬-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীটির উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে সুন্দরবনের গভীরে টিকে থাকা কঠিন হয়ে পড়ায় জলদস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পরে আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট বাহিনী জানায়, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২ মার্চ থেকে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ নামে বিশেষ অভিযান শুরু হয়। কোস্ট গার্ড, এসআরবি, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর সুন্দরবনে অভিযান চালানো হয়। পরে ৯ অক্টোবর আড় পাঙ্গাসিয়া নদীসংলগ্ন এলাকা থেকে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন।

মেজর নাজমুল ইসলাম বলেন, আত্মসমর্পণের সময় তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। জোয়ার-ভাটার পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হয়েছে। এ কাজে দুই দিন সময় লাগে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত