হারিয়ে গেছে সর্বাধিক স্রোতের জলপ্রপাত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম

গুয়াইরা জলপ্রপাত একসময় ছিল বিশ্বের অন্যতম বিস্ময়কর এবং শক্তিশালী জলপ্রপাত। এটি প্রাচীন প্রাকৃতিক জলপ্রপাত, যা লাখ লাখ বছর ধরে প্রবাহিত হয়ে আসছিল। আয়তনের দিক থেকে একসময় পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত ছিল ‘গুয়াইরা’। জলপ্রপাতটি অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিপুল জলপ্রবাহের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ছিল। বর্তমানে এর অস্তিত্ব নেই। এটি ব্রাজিল ও প্যারাগুয়ে সীমান্তের মধ্য দিয়ে প্রবাহিত পারানা নদীর ওপর অবস্থিত ছিল। পর্তুগিজ ভাষায় একে ‘সেতে কুয়েদাস’ বা ‘সাত জলপ্রপাত’ বলা হতো। কারণ এটি ১৮টি জলপ্রপাতের সমষ্টি, যা ছিল ৭টি প্রধান ভাগে বিভক্ত। জলপ্রপাতটির মোট উচ্চতা ছিল প্রায় ৩৭৫ ফুট এবং তার মধ্যে সবচেয়ে বড় একক জলপ্রপাতের উচ্চতা ছিল ১৩০ ফুট। জলপ্রপাতে পানির প্রবাহের হার ছিল প্রতি সেকেন্ডে প্রায় ১৩,০০০ থেকে ৫০,০০০ ঘনমিটার। যা নায়াগ্রা জলপ্রপাতের প্রায় দ্বিগুণ। তার গর্জনের শব্দ ৩০ কিলোমিটার দূর থেকে শোনা যেত। প্রপাতের পানি তীব্রগতিতে পাথরে আছড়ে পড়ার কারণে, চারপাশের বাতাস সবসময় জলীয়বাষ্পে পূর্ণ থাকত। যে কারণে, এর ওপর সবসময় স্থায়ী রংধনু শোভা পেত, যা এক ধরনের অপার্থিব রূপ দিয়েছিল। ১৯৭৮ সালে নদীর ওপর বিশাল ‘ইতাইপু বাঁধ’ তৈরির কাজ শুরু হয়। এরপর ১৯৮২ সালের অক্টোবর মাসে বাঁধের ফলে কৃত্রিম জলাধার তৈরি হয় এবং গুয়াইরা জলপ্রপাত সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। প্রকৃত অর্থেই এর অপরূপ শোভা ছিল দেখার মতো।

সর্বশেষ সর্বাধিক পঠিত