সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্ন করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের ব্যবসায়ী ও কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আহাদ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আব্দুল আহাদের সাথে উপস্থিত ছিলেন রিসোর্টের ব্যবস্থাপক এম আনোয়ার মাহমুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল আহাদ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতা ও হিংসাত্মক মনোভাব থেকে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছি। ইতিপূর্বে এই রিসোর্টের সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া।
আব্দুল আহাদের দাবি, রিসোর্টে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে রিসোর্ট মালিকপক্ষ মাজু মিয়াকে অব্যাহতি দেয় এবং গত ৩০ সেপ্টেম্বর তিনি রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান। পরবর্তীতে গত ১ অক্টোবর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করে নিয়মমাফিক এবং সুষ্ঠুভাবে রিসোর্ট ও পার্টি সেন্টার পরিচালনা করে আসছেন।
তবে মাজু মিয়ার কাছে ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকা হিসাব চাওয়া হলে তিনি কৌশলে ফোনের কথোপকথন রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও অসম্পূর্ণভাবে ফাঁস করে দেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।