‘দেশের প্রতি ইঞ্চি মাটি সনাতনী ভাই-বোনদের জন্য নিরাপদ’

বাংলাদেশকে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিএনপি”— শিবালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

দেশের প্রতি ইঞ্চি মাটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে, নিশ্চিন্তে ও শান্তিতে জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান প্রমাণ করতে চায়।

শনিবার (১৭ অক্টোবর) শিবালয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এ জিন্নাহ কবির বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নির্দ্বিধায় ও নির্ভয়ে ধানের শীষে ভোট দিয়েছেন। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন, যা বিগত দিনের তুলনায় দ্বিগুণ।

তিনি আরও বলেন, অনেকেই বলেন, এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নন। আমরা বলতে চাই, দেশের প্রতি ইঞ্চি মাটি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।

সংসদ সদস্য বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে উদ্‌যাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্যের স্ত্রী সায়লা কবির।

এ সময় বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং সংসদ সদস্যের মেয়ে তাসফিয়া কবির উদিতা।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত