অবহেলিত সানাউল হক স্কুল-কলেজে ভবন নির্মাণের প্রতিশ্রুতি এমপি শ্যামলের

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সানাউল হক উচ্চ বিদ্যালয় ও কলেজকে অবহেলিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সেখানে ভবন নির্মাণের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সানাউল হক কলেজের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপটিমিস্টসের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘আমরা যেমন ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অবহেলিত ছিলাম, সানাউল হক উচ্চ বিদ্যালয় ও সানাউল হক কলেজও অবহেলিত ছিল। তাই এ বিদ্যালয় ও কলেজের জন্য ভবন নির্মাণের চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

তিনি শিক্ষার্থীদের কল্যাণে দ্য অপটিমিস্টসের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও এগিয়ে নিতে উৎসাহ দেন।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও মেধাবী ৫৩ শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করে দ্য অপটিমিস্টস। সংগঠনটির চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের আওতায় বিজয়নগর উপজেলার ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও দুই মেডিকেল শিক্ষার্থীসহ মোট ৫৩ জন এ বৃত্তি পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং সানাউল হক কলেজের প্রতিষ্ঠাতা সুমন ইফতেখার মামুন।

সানাউল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দ্য অপটিমিস্টসের কান্ট্রি ডিরেক্টর সাইদুল করিম সংগঠনটির সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন।

এ সময় দ্য অপটিমিস্টসের ব্রাহ্মণবাড়িয়া জেলা ফাইন্যান্স ডিরেক্টর আবু সালেহ, সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসানুল হক রানা, ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতার, মামুনুর রশিদ ও হেলাল ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ্য অপটিমিস্টস একটি অলাভজনক, অরাজনৈতিক ও ধর্ম-বর্ণনির্বিশেষে বৈষম্যহীন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন জেলার মেধাবী, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সংগঠনটি উপবৃত্তি, পোশাক, জুতা, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। বিজয়নগর উপজেলায় ২০১৬ সাল থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত