জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়াতে কাজ করছে সরকার

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের সর্বত্র বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে ঘরে ঘরে জ্বালানি ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হলে দেশের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। বর্তমান বিশ্ব ও বাংলাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চরপাড়ায় স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানীর স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে একদিকে যেমন জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে বিদ্যুৎও উৎপাদন করা যায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাড়ানো গেলে দেশের জ্বালানি চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উদ্যোক্তা আবু তাহের রহমানী বলেন, তাঁর স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট থেকে বর্তমানে এলাকার ১৫টি পরিবারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন শুরু করা গেলে স্থানীয় পর্যায়ে জ্বালানির চাহিদা পূরণে আরও বড় পরিসরে ভূমিকা রাখা সম্ভব হবে। আবু তাহের রহমানী এর আগে কৃষি খাতে অবদানের জন্য সরকারি স্বীকৃতি পেয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ারসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি নির্বাচিত দুজন উদ্যোক্তার হাতে চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের বাস্তবায়নে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত