ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধের কারণে দেশটির রিয়াদের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখার পর ফের তা চালু করছে বাংলাদেশ। পরিস্থিতি উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকে বন্ধ থাকা দাম্মামের ফ্লাইট চালু হয়েছে। তবে জেদ্দা ও মদিনায় ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে সংস্থাটি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান।
বিমান জানায়, সৌদি আরবের বিমানবন্দরে পরিস্থিতির ক্রমাগত উন্নতি হওয়ায় রিয়াদস্থ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন বাংলাদেশ সময় গত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিমানের দাম্মামগামী ফ্লাইট গতকাল বুধবার থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। তাছাড়া মদিনাগামী ফ্লাইট গত রবিবার থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।