ডেঙ্গু ও হাম উপসর্গে আটজনের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:১২ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হাম উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৭ জন এবং হামের উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ২১ দিনে ডেঙ্গুতে ভর্তি হয়েছে ৩৭ হাজার ৩৭০ জন, মৃত্যু হয়েছে ১১৯ জনের।

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন। মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৭৩ জন। ২৪ ঘণ্টায় মৃত ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩৪০ জন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ব্যক্তি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৯৭ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৩ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ২০৫ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ১০১ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে দুই লাখ ১৬ হাজার ৭৬৫ জন। হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২১২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯২ হাজার ৬৯৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৮৫ হাজার ১১০ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত