চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে গত মঙ্গলবার রাতে উদ্ধার করে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানায় আনা হয়। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ১৭ অক্টোবর রাত ৮টা ২৫ মিনিটের দিকে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে কালো পোশাকধারী ও মাস্ক পরা চার ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। অপহরণের ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল দ্রুত উদ্ধার অভিযানে নামে।
জানা যায়, অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে শারীরিকভাবে নির্যাতন চালানো হয় এবং তিন দিনে এক বেলা খাবার দেওয়া হয়, চোখে মুখে টেপ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কয়েকবার নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় অপহরণকারীরা ৫০ লাখ টাকা দাবি করে।
অপহৃত ব্যবসায়ী হাসানের যমজ ভাই মো. হোসাইন বলেন, প্রশাসনের শতভাগ আন্তরিক সহযোগিতায় আমার ভাইকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। পুলিশ প্রশাসন যে মানুষের বিপদে এভাবে নিঃস্বার্থভাবে সহযোগিতায় এগিয়ে আসে তা আমার এ বিপদ না হলে বুঝতাম না বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনের সূত্র মতে, অপহরণকারীরা মূলত প্রকৃত এসআরবি সদস্য ছিলেন না, বরং তারা ভুয়া পরিচয় ব্যবহার করে এই অপহরণের ঘটনাটি ঘটিয়েছিল। প্রশাসনের সময়োচিত পদক্ষেপ ও কঠোর নজরদারির ফলেই ভুক্তভোগী ব্যবসায়ীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গতকাল বুধবার উদ্ধারকারী ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাকে শারীরিক চিকিৎসাসহ অপহরণের বিস্তারিত তথ্য জানানো চট্টগ্রামের জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানাবেন বলে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক নিশ্চিত করেন। তবে এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করার বিষয় অবহিত করলে ও তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।