চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনার পর উত্তেজিত লোকজন মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে তিন পুলিশ সদস্য আহত হন। এছাড়া পুলিশের একটি সরকারি পিকআপ ভাঙচুর করা হয়।
পুলিশের দাবি, পিকআপ ভাঙচুরের ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় হামলাকারীরা পুলিশের একটি শটগানও নিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সরকারি পিকআপ ও লুণ্ঠিত শটগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই জাহেদ হোসেন সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ হোসাইন, মো. হাসিবুল ইসলাম, লিয়াকত শিকদার ও মো. আজাহার শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।