ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে খেলাধুলার আনন্দ ছাপিয়ে তৈরি হলো এক অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন দৃশ্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন দলের ফুটবলার বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ায় প্রতিবাদস্বরূপ খেলা শেষ না করেই মাঠ ছেড়ে বেরিয়ে গেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দল।
আজারবাইজানের বাকুতে গ্রুপ 'সি'-এর ম্যাচে আয়ারল্যান্ড যখন ৪-১ ব্যবধানে এগিয়ে, ঠিক তখনই শেষ মুহূর্তে ঘটে ঘটনাটি। প্রতিপক্ষ ফুটবলারের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ইংল্যান্ডের এক তরুণ খেলোয়াড় ডাগআউটের দিকে এগিয়ে গিয়ে কোচিং স্টাফের কাছে অভিযোগ জানান যে, আয়ারল্যান্ডের এক ফুটবলার তাকে উদ্দেশ্য করে ‘বানর’ বলে গালি দিয়েছেন।
বিষয়টি শোনামাত্রই কালক্ষেপণ না করে ম্যাচের রেফারির দিকে এগিয়ে যান ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থোর্প। রেফারিকে ডেকে কথা বলার পরপরই তিনি দলের খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন।
সে সময় পরিস্থিতি সামাল দিতে ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তারা এগিয়ে এলে ইংল্যান্ডের সহকারী কোচ রেফারিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে বর্ণবাদের অভিযোগ জানাচ্ছি।’
খেলোয়াড় মানসিকভাবে চরম বিপর্যস্ত এবং তারা আর খেলা চালিয়ে যেতে ইচ্ছুক নয় বলে রেফারিকে সাফ জানিয়ে দেয় ইংলিশ কোচিং স্টাফ। পরবর্তীতে দুই দলের কোচিং প্যানেলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা গেলেও ইংল্যান্ডের প্রতিনিধিরা স্পষ্টভাবে জানান, তারা মূলত নিজেদের ফুটবলারের মানসিক সুরক্ষাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে তোলপাড় সৃষ্টি করার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইংল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইংল্যান্ড ফুটবল দল খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।’
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের বিষয় টেনে তিনি আরও যোগ করেন, ‘অফিসিয়াল প্রতিবেদনগুলো সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে, যারা পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবে।’
যদিও এই বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তারা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং ভুক্তভোগী খেলোয়াড় ও স্টাফদের প্রয়োজনীয় সব ধরনের মানসিক সহায়তা প্রদান করছে।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের