ফরিদপুরে ধর্ষণচেষ্টায় একজনের ৫ বছরের কারাদণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে ইসমাইল মোল্লা (৫৬) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের একটি গ্রামের মুদি দোকানের পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় ইসমাইল মোল্লা তাকে দোকানঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়িতে ফিরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়।

এরপর ২১ ডিসেম্বর শিশুটির বাবা নগরকান্দা থানায় ইসমাইল মোল্লাকে একমাত্র আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ইসমাইল মোল্লাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রায়ে তার প্রতিফলন ঘটেছে।

তিনি আরও বলেন, আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত