সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সামনে শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির আহত হন। তিনি মিল্লাতের আলিম প্রথম বর্ষের ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।   

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় মিল্লাতের আরেক শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন। ওই ঘটনার পর জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। তবে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফুটওভার ব্রিজ নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থী ও স্থানীয়দের। আগের দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর প্রাণহানি এবং আজকের ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আবারও সড়ক অবরোধ করা হয়েছে।

শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সড়কে নিরাপদে পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মাদরাসার শিক্ষার্থীদের বুঝিয়ে মহা সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত