দক্ষিণ আফ্রিকায়ও অনিশ্চিত সাদমান

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম

সিলেট টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। গোড়ালিতে পাওয়া এই চোটের প্রভাব পড়তে পারে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও। চলতি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সে দেশে যাবেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে আগামী ১৫ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সফরে সাদমানের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত বলে জানা গেছে।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন গতকাল চোট পান সাদমান। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয় তাকে। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যান তিনি। সেখানে স্ক্যান করানোর পর তার চোটের বিস্তারিত জানতে রিপোর্টের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। সেই রিপোর্টের ওপরই নির্ভর করছে তার পুনর্বাসন ও মাঠে ফেরার সময়।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম গতকালই এক ভিডিওবার্তায় বলেন, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। পরে আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে ওর একটা চোট আছে। আগামীকাল (আজ) স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এ মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থানে নেই।’

তবে দলীয় সূত্রে জানা গেছে, বড় ধরনের চোটে পড়েছেন সাদমান। প্রথম ইনিংস তো বটেই, সিলেটে টেস্টে তার মাঠে নামার সম্ভাবনা নেই। একই সঙ্গে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও দর্শক হয়ে থাকতে হতে পারে তাকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত