কৈশোরের গণ্ডি পেরোনোর আগেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক নজির গড়লেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে আসন্ন সৈয়দ মুশতাক আলী ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বিহার দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এই তরুণ ব্যাটার। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দলের নেতৃত্ব দেওয়ার বিরল কীর্তি গড়লেন তিনি।
এর আগে রঞ্জি ট্রফি ও দুলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকলেও, পুরোদস্তুর অধিনায়ক হিসেবে এই প্রথম মাঠে নামবেন বৈভব।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) নির্বাচক কমিটি গত ৬ নভেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে এই কিশোরের কাঁধে দল পরিচালনার গুরুদায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেয়। গত ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা ট্রায়ালের পারফরম্যান্স এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর পুরোনো পরিসংখ্যান বিবেচনা করেই প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে।
গত মাসে নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, ওয়েলিংটনে অভিষেক শর্মার সঙ্গে তাঁর বিস্ফোরক জুটি ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিল। সেই ম্যাচে পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ১১৮ রান তোলে ভারত, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোরের রেকর্ড গড়ে।
আন্তর্জাতিক আঙিনার সেই অভিজ্ঞতা এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ধারই এখন বিহার দলের বড় ভরসা। এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা বৈভবের ৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বিহারের হয়েই। গত আসরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি।
ঘরোয়া মৌসুমের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি বিহারের। রঞ্জি ট্রফির প্রথম পর্বে টানা চার ম্যাচে হেরে বেশ বিপর্যস্ত দলটিকে খাদের কিনারা থেকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ এখন তরুণ বৈভবের সামনে। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সৈয়দ মুশতাক আলী ট্রফি অভিযান শুরু করবে বিহার।
হৃদয়ের ১৫০, বাংলাদেশের সংগ্রহ তিনশ'র পথে