জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সমাবেশ চলাকালে এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
আহত রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন বলেও দাবি করেন তিনি।
রাব্বির দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন। ওই সময় তারা তার দোকানে চাঁদা চাইতে গিয়েছিলেন। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তারা মঞ্চে ছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।