সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
শনিবার (৭ নভেম্বর) দুপুরে শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। পেশায় তিনি একজন চা দোকানি ছিলেন।
 
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে নাঈম খানের ওপর হামলা চালায় প্রতিপক্ষের কয়েকজন। এ সময় হোসেন, ইকবাল ও মায়াসহ ৩-৪ জন লাঠিসোঁটা নিয়ে তার ওপর এলোপাতাড়ি আঘাত করেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
 
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। এ বিরোধের জেরেই তার শ্বশুরের ওপর হামলা চালানো হয়। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত