জন্মের পর কোনো নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিংবা স্বাভাবিকভাবে শ্বাস নিতে ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হলে তাকে রাখা হয় এনআইসিইউতে (NICU)। এর পূর্ণারূপ নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (Neonatal Intensive Care Unit)। এটি হাসপাতালের বিশেষায়িত বিভাগ, যেখানে অপরিণত ও অসুস্থ নবজাতকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিবিড় চিকিৎসা দেওয়া হয়। আধুনিক এনআইসিইউর ধারণা ও প্রথম ইউনিট প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল-নিউ হ্যাভেন হাসপাতালে। চিকিৎসক লুইস গ্লুক এই উদ্যোগ নেন।
সাধারণত নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া শিশু, কম ওজনের নবজাতক, শ্বাসকষ্টে আক্রান্ত শিশু, জন্মের সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হওয়া নবজাতক, জন্ডিস, গুরুতর সংক্রমণ, জন্মগত হৃদরোগ কিংবা অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত শিশুদের এনআইসিইউতে রাখা হয়। এখানে নবজাতকের শারীরিক অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। ইনকিউবেটরের মাধ্যমে শিশুর শরীরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়। শ্বাসকষ্ট হলে অক্সিজেন, সিপিএপি কিংবা ভেন্টিলেটরের সাহায্যে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়। জন্ডিসের চিকিৎসায় ফটোথেরাপি, প্রয়োজন অনুযায়ী রক্ত পরিবর্তন, শিরাপথে তরল ও পুষ্টি সরবরাহ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। পাশাপাশি হার্টবিট, শ্বাস-প্রশ্বাস, রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের তত্ত্বাবধানে এসব চিকিৎসা পরিচালিত হয়।