জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ প্রচার শুরুর পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে। গল্পের বাঁক, চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক এবং রহস্যময় নানা ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে আলোচনা। বিশেষ করে নাটকের একাধিক চরিত্রের অভিনয় ও গল্পে তাদের ভূমিকা দর্শকের মাঝে সাড়া ফেলেছে।
ধারাবাহিকটিতে আদিল চরিত্রে খায়রুল বাসার, নুরজাহান চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী, ওসমান চরিত্রে জাহিদ হাসান, সুলতান চরিত্রে শহীদুজ্জামান সেলিম, আয়েশা চরিত্রে মনিরা আক্তার মিঠু, সিকান্দার চরিত্রে ফায়জুল ইয়ামিন ও রুকাইয়া চরিত্রে দীপা খন্দকার অভিনয় করছেন। পাশাপাশি রয়েছেন ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।
নাটকটি ঘিরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনাÑ দুটিকেই গুরুত্ব দিচ্ছেন নির্মাতা রাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ভালোবাসা দিচ্ছেন, পাশে থাকছেন, আবার যারা ভুলগুলো ধরিয়ে দিয়ে সমালোচনা করছেন প্রতিটি প্রতিক্রিয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসা ও গঠনমূলক সমালোচনাই আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।’
নাটকটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে অভিনয় করছেন দুই শক্তিমান অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। ‘ফিরে আসার গল্প’ প্রচার হচ্ছে চ্যানেল আইতে প্রতি শনি ও রবিবার রাত ৭টা ৫০ মিনিটে ও ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালা থেকে।
এদিকে একই নির্মাতার আরেক ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’ প্রচার হচ্ছে প্রতি রবিবার রাত সাড়ে ১০টায়।