আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

দেশপ্রেম, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, বিশেষ দরবার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সদর দপ্তরে আয়োজিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সম্মিলিত আত্মজাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঐতিহাসিক দিবসের অন্যতম শিক্ষাÑ জাতীয় ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক বাহিনীর দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বী হওয়া নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় ধারণ করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আনসার-ভিডিপিকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। বিজ্ঞপ্তি।

সর্বশেষ সর্বাধিক পঠিত