‘কনসার্ট ফর সলিডারিটি’-তে মানুষের ঢল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে অংশ নেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা।

দুপুর থেকেই কনসার্টস্থলে জড়ো হতে থাকেন সংগীতপ্রেমীরা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বেলা ৩টা থেকে শুরু হওয়া বিএনপির র‌্যালি শেষে মানিক মিয়া অ্যাভিনিউ লোকে উপচে পড়ে।  ব্যান্ডসংগীতের তালে তালে উচ্ছ্বাস আর উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কনসার্টে গান পরিবেশন করে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। এগুলো হলোÑ নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।

বিকেল সাড়ে ৩টায় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কনসার্ট। দেশকে উৎসর্গ করে ‘অপরাজেয়’ গান দিয়ে মঞ্চে যাত্রা শুরু করে দলটি। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে পরিবেশন করে ‘নিয়তি’। একে একে ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ ও প্রথম অ্যালবামের জনপ্রিয় গান ‘বিস্ময়’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে তারা। ৪০ মিনিটের পরিবেশনায় তারা মোট পাঁচটি গান গায়। মেকানিক্সের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, ‘সমাজের নানা অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে গানের মাধ্যমেই আমরা প্রতিবাদ জানিয়ে যেতে চাই।’

এরপর মঞ্চে আসে ব্যান্ড শিরোনামহীন। তাদের পরিবেশনা শুরু হয় ‘পাখি’ গান দিয়ে। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’ পরিবেশন করে দলটি। পাশাপাশি ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসি’ গানগুলোও শোনায় তারা।

এরপর কয়েক ঘণ্টা ধরে মঞ্চ মাতায় আর্টসেল, ফিডব্যাক, নগর বাউল জেমস, মাইলস ও ওয়ারফেজ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কনসার্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কনসার্ট সহযোগিতায় ছিল বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

সর্বশেষ সর্বাধিক পঠিত