ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অধিবেশনের প্রতিদিনের বৈঠক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে অধিবেশনের কার্যক্রম পরিচালনা ও সময় বণ্টন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারের হাতে রাখার সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশন শুরুর আগ পর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
এগুলো হলো- পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীকে উদ্দেশ করে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সদস্যরা প্রস্তাবটি সমর্থন করেন।
এ সময় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, কাল বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ডেপুটি স্পিকার ও সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদ ভবনের বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।
বৈঠকে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম এবং জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতিও তুলে ধরেন।
বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।