২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনটি ছিল ব্যাটসম্যানদের। তিনটি সেঞ্চুরিতে দিনটি রাঙিয়েছেন সিলেটের জাকির হাসান, সৈকত আলী ও খুলনার মোহাম্মদ মিঠুন। তাদের ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে সিলেট ও খুলনা। অন্যদিকে ময়মনসিংহের বিপক্ষে ফলোঅনে পড়ে বিপাকে রয়েছে বরিশাল। তবে দলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার। চট্টগ্রামের বিপক্ষে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও প্রতিরোধ গড়ে তুলেছে রংপুর। ফলে চারটি ম্যাচেই শেষ দিনের লড়াই ঘিরে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন সমীকরণ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচে চালকের আসনে সিলেট। প্রথম ইনিংসে ৩৩৬ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে ৭৬.১ ওভারে ৪ উইকেটে ৩১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। আগের দিনের বিনা উইকেটে ৬৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামা সিলেটকে ভালো সূচনা এনে দেন মাজহারুল হক মজেদ (৫৪) ও মুবিন আহমেদ দিশান (৪৬)। এরপর সৈকত ও জাকিরের ব্যাটে বড় সংগ্রহ পায় দলটি। প্রথম শ্রেণির ক্রিকেটে সৈকত তৃতীয় সেঞ্চুরিতে ১০৮ রান করে ফিরলেও ১৮তম শতক হাঁকানো জাকির ১০১ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যাওয়া রাজশাহী ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শেষ করেছে। আজ চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩৯৯ রান, হাতে আছে ৬ উইকেট।
রাজশাহীতে ঢাকার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে খুলনা। ঢাকা ৫১৩ রানে ইনিংস ঘোষণা করার পর তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৩৮ রান তুলেছে দলটি। খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ২৩১ বলের ইনিংসটি সাজান ১৬ চার ও ৫ ছক্কায়। ১৫০ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৮তম শতক। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮৫ রানে থামেন আজিজুল হাকিম। নুরুল হাসান সোহান করেন ৪৭ রান। দিন শেষে ৭৫ রানে পিছিয়ে খুলনা।
অন্যদিকে চট্টগ্রামে ময়মনসিংহের বিপক্ষে চাপে বরিশাল। প্রতিপক্ষের ৩৮৬ রানের অলআউট করেও প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রান করায় ফলোঅনে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। ৩ উইকেটে ১৪৪ রান নিয়ে দিন শেষ করেছে বরিশাল। ৮৩ রানে অপরাজিত আছেন আবরার। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও প্রয়োজন ৮৬ রান। হাতে আছে ৭ উইকেট।
এছাড়া খুলনায় চট্টগ্রামের বিপক্ষে রংপুরও লড়াইয়ে ফেরার চেষ্টা করছে। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ৪০৭ রান তুলে ২৪১ রানে লিড নেয় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ২ উইকেট হারানোর পর মিম মোসাদ্দেক ও অভিষিক্ত সামস নিলয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। মিম ৫৮ এবং সামস ৫০ রানে অপরাজিত আছেন। দিন শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ১৩০ রান। ইনিংস পরাজয় এড়াতে শেষ দিনে তাদের আরও ১১১ রান করতে হবে।
টেস্টে ১৪১৪ দিন সেঞ্চুরিহীন বাবর আজম