পেট্রোল পাম্পে তেল পরিমাপে ভয়াবহ জালিয়াতি, ৫ লাখ টাকা জরিমানা

১০ লিটার তেলের পরিবর্তে সরবরাহ করা হচ্ছিল মাত্র ৯.৫ লিটার!

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

ঢাকার কাফরুল এলাকায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে ভয়াবহ জালিয়াতির ঘটনা উদঘাটন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের পরিচালিত অভিযানে দেখা যায়, পাম্পটিতে প্রতি ১০ লিটার জ্বালানি তেল সরবরাহের বিপরীতে গ্রাহকদের দেওয়া হচ্ছিল ৫০০ মিলিলিটার কম তেল। অর্থাৎ, নির্ধারিত পরিমাণের তুলনায় প্রতি ১০ লিটারে ৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।

এ অপরাধের দায়ে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পকে ৫ (পাঁচ) লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ ধরনের অনিয়ম শুধু ভোক্তাদের আর্থিক ক্ষতিই করে না, বরং জনসাধারণের আস্থা ও ব্যবসায়িক নৈতিকতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। বিশেষ করে জ্বালানি তেলের মতো অত্যাবশ্যকীয় পণ্যে পরিমাপের ক্ষেত্রে এ ধরনের কারচুপি অত্যন্ত গুরুতর অপরাধ।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা বিএসটিআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রতিষ্ঠানটি নিয়মিত বাজার তদারকি, সার্ভিল্যান্স এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। জ্বালানি তেলসহ যেকোনো পণ্যের পরিমাপে কারচুপি, ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএসটিআই একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানায়। কোথাও জ্বালানি তেল সরবরাহে পরিমাপজনিত অনিয়ম বা কারচুপির ঘটনা পরিলক্ষিত হলে বিএসটিআইকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

ভোক্তার স্বার্থ সুরক্ষা, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং প্রতারণামুক্ত বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত