ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাঁচাশি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে পরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পিয়াস ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ঈশ্বরগঞ্জ থানায় ২০২৫ সালের ১২ নভেম্বর দায়ের করা ৮ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি তিনি। তার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।