ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শুক্রবার (১৩ নভেম্বর) বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে। আসামের গ্রামোন্নয়নমন্ত্রী অতুল বরা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অতুল বরা আরও জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় যানবাহন দুটির কোনো একটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি বলেন, ‘তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘এই ক্ষয়ক্ষতির ব্যাপকতা আমাদের সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো আহত ব্যক্তিরা যেন কোনো বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা।’

বাসটি যাত্রী নিয়ে বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বোকাখাত কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এক শিংবিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি। অন্যদিকে, নগাঁও আসামের মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যিক কেন্দ্র। সড়কপথে বোকাখাত থেকে নগাঁওয়ের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার বা ৭৪ দশমিক ৫ মাইল।

আঞ্চলিক বিরোধী দলের প্রধান লুরিনজ্যোতি গগৈ বলেছেন, আসামে দীর্ঘদিন ধরেই সড়ক নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয়। তিনি বলেন, ‘সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটির সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১ লাখ ৭২ হাজার মানুষ। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৭৪ জনের মৃত্যু হয়, যা প্রায় প্রতি তিন মিনিটে একজনের প্রাণহানির সমান।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে।

বিশেষজ্ঞদের মতে, ভারতে সড়ক দুর্ঘটনার এই সংকটের পেছনে শুধু সড়ক অবকাঠামোর দুর্বলতাই দায়ী নয়। এর সঙ্গে মানুষের আচরণ, আইন প্রয়োগের ঘাটতি এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবহেলাও জড়িত।

সর্বশেষ সর্বাধিক পঠিত