গুগল ম্যাপসে আসছে বিমানবন্দরে স্বাগত বার্তা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:০২ এএম

অপরিচিত কোনো শহরে বিমান থেকে নামার পর কোথায় যাবেন, কীভাবে শহরের কেন্দ্রে পৌঁছাবেন কিংবা আশপাশে ভালো রেস্তোরাঁ কোথায় এসব তথ্য সহজে জানাতে নতুন সুবিধা চালুর পরিকল্পনা করছে গুগল। সুবিধাটি চালু হলে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ব্যবহারকারীদের স্বাগত বার্তা পাঠাবে গুগল ম্যাপস। এর মাধ্যমে শহরের দর্শনীয় স্থান, কাছাকাছি রেস্তোরাঁ ও স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন ভ্রমণকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এ সুবিধার সন্ধান পাওয়া গেছে। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীদের ‘আস্ক ম্যাপস’ ব্যবহারের পরামর্শ দেওয়ার ইঙ্গিত রয়েছে। এর মাধ্যমে বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে যাওয়ার পথ, খাবারের জায়গা কিংবা রাতের বিভিন্ন আয়োজন সম্পর্কে জানতে পারবেন তারা।

এ সুবিধায় আস্ক ম্যাপস ব্যবহারের জন্য কিছু আগাম প্রশ্নও যুক্ত থাকতে পারে। সাধারণ ভাষায় প্রশ্ন করেই ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী তথ্য ও পরামর্শ পাবেন। ফলে প্রচলিত সার্চ শব্দ বা ফিল্টার ব্যবহার না করেও সহজে প্রয়োজনীয় স্থান খুঁজে নেওয়া যাবে।

অ্যাপের কোডে ‘এয়ারপোর্ট জিওফেন্স সিঙ্ক ওয়ার্কার’ নামের একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্টেরও সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জিওফেন্স প্রযুক্তির মাধ্যমে বিমানবন্দরের নির্ধারিত এলাকায় পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে। কোড বিশ্লেষণে বিশে^র ৯০টির বেশি বিমানবন্দরের অবস্থানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও, দিল্লি ও মুম্বাইয়ের বিমানবন্দর রয়েছে। তবে সুবিধাটি চালুর বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত