ডায়াবেটিস প্রতিরোধে ঢাকা ঘোষণার আহ্বান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ এএম

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা একটি প্রতিরোধ মডেলকে জনস্বাস্থ্যের টেকসই আন্দোলনে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আজ ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এই সময়ে একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি হওয়া প্রয়োজন। কীভাবে ডায়াবেটিস প্রতিরোধকে মানুষের  দৈনন্দিন জীবন ও সমাজের নিয়মিত চর্চার অংশ করা যায়? চিকিৎসা মানব জীবনের জন্য অপরিহার্য। স্বাস্থ্য শুধু চিকিৎসাকেন্দ্রের সেবার ওপর নির্ভর করে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক পরিবেশ স্বাস্থ্যকে ভীষণ প্রভাবিত করে। প্রতিরোধে প্রয়োজন সঠিক তথ্য, বাস্তবসম্মত সহায়তা এবং নিয়মিত উৎসাহ। এ ক্ষেত্রে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ২০২৬ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ততায় ডায়াবেটিস প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ‘ডায়াবেটিস প্রতিরোধে ধর্মভিত্তিক উদ্যোগ বিষয়ক ঢাকা ঘোষণা’ সামাজিক শক্তিকে জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত করার কাঠামোকে তুলে ধরে। ঘোষণায় বিজ্ঞান, ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সরকার, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজের আহ্বান জানানো হয়েছে। দেশের জন্য এটি নিজস্ব অভিজ্ঞতাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ।

বাংলাদেশের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক প্রমাণ : ঢাকা ঘোষণার অন্যতম ভিত্তি হলো, ধর্মীয় নেতাদের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচি ‘ডায়াবেটিস প্রিভেনশন থ্র্যু রিলিজিয়াস লিডার্স (ডিপিআরএল)’। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস), স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মসূচিটি নেওয়া হয়েছে। এ উদ্যোগের কার্যকারিতা গবেষণার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। ২০২৫ সালে

আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত একটি ক্লাস্টার-র‌্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ৭৯৯ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। ১২ মাসের গবেষণায় দেখা যায়, মসজিদকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন পরিবর্তনের কর্মসূচিতে অংশগ্রহণকারী দলে তুলনামূলক দলের চেয়ে নতুন করে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার হার আপেক্ষিক হিসাবে প্রায় ৪৩ শতাংশ কম। এই ফল আশাব্যঞ্জক। তবে দীর্ঘ মেয়াদে এর সুফল এবং ভিন্ন পরিবেশে বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন প্রয়োজন। গবেষণার গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সমাজের আস্থাপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে স্বাস্থ্যবিষয়ক জ্ঞানকে দৈনন্দিন অভ্যাসে রূপ দেওয়া সম্ভব। ধর্মীয় নেতারা সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং সময়মতো চিকিৎসা নেওয়ার বার্তা জোরদার করতে পারেন।

ধর্ম মানুষের জন্য : দেশের এই অভিজ্ঞতা মসজিদকেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে শুরু হলেও ঢাকা ঘোষণার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত। এতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় নেতা এবং প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের ওপর স্পষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারসহ সমস্ত উপাসনালয় জনস্বাস্থ্যের সহযোগী হতে পারে। ধর্ম, লিঙ্গ, আয় বা সামাজিক অবস্থান নির্বিশেষে মানুষ যেন এর সুফল পায়, তা নিশ্চিত করতে হবে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত যান না, তাদের কাছেও সামাজিক যোগাযোগব্যবস্থা ও সরকারি সেবার মাধ্যমে পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বিশেষ মনোযোগ প্রয়োজন।

সমাজের সঙ্গে স্বাস্থ্যসেবার সংযোগ : ঢাকা ঘোষণার একটি মৌলিক নীতি হলো, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগ যাতে প্রচলিত স্বাস্থ্যব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করে। এ জন্য ধর্মীয় নেতাদের যথাযথ প্রশিক্ষণ, সুনির্দিষ্ট দায়িত্ব এবং স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর কার্যকর ব্যবস্থা রাখা হবে।

আগামী প্রজন্মের সুস্বাস্থ্য : ঢাকা ঘোষণায় মাতৃস্বাস্থ্য ও গর্ভধারণ-পূর্ব স্বাস্থ্যসেবাকেও প্রতিরোধ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গর্ভধারণের আগে উপযুক্ত পরামর্শ নেওয়া, গর্ভকালীন সেবা গ্রহণ এবং প্রয়োজনীয় পরীক্ষা ও পরবর্তী পরিচর্যার গুরুত্ব পরিবারগুলোর কাছে তুলে ধরা সম্ভব। ধর্মীয় ও সামাজিক নেতারা গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পরে স্বাস্থ্যের যতœ নেওয়ার প্রয়োজনীয়তা নারীদের বোঝাতে পারেন। পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা একে অন্যকে সহায়তা করলে এবং শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সেবাব্যবস্থা স্বাস্থ্যকর অভ্যাসের অনুকূল পরিবেশ তৈরি করলে প্রতিরোধের উদ্যোগ আরও কার্যকর হবে।

অঙ্গীকার থেকে বাস্তবায়ন : ঢাকা ঘোষণার সাফল্য নির্ভর করবে, অঙ্গীকারগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তার ওপর। ২০২৬-২০৩০ সালের প্রস্তাবিত আঞ্চলিক কর্মপরিকল্পনায় দায়িত্ব বণ্টন, বাস্তবসম্মত বাজেট, প্রশিক্ষণের মান এবং পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। প্রস্তাবিত বার্ষিক ঢাকা ফোরাম ফল পর্যালোচনা, সমস্যা সমাধান এবং অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর মঞ্চ হতে পারে। আগ্রহী ওআইসি সদস্যরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ভিন্ন সংস্কৃতি, স্বাস্থ্যব্যবস্থা ও ধর্মীয় পরিমণ্ডলের উপযোগী কর্মসূচি গড়ে তোলা সম্ভব। সম্প্রসারণের পাশাপাশি মূল্যায়ন বহাল রাখতে হবে। তবে প্রতিটি দেশের নিজস্ব বাস্তবতায় এই উদ্যোগের কার্যকারিতা যাচাই করা উচিত। সরকারের নেতৃত্ব, টেকসই অর্থায়ন, বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সহায়তা, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণ এ ক্ষেত্রে অপরিহার্য। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম সঠিক তথ্য প্রচার এবং বছরের বিভিন্ন সময়ে অগ্রগতি তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিশ্ব ডায়াবেটিস দিবসে ঢাকা ঘোষণা সম্ভাবনার পথ খুলে দিয়েছে। ডায়াবেটিস প্রতিরোধকে সম্মিলিত সামাজিক দায়িত্বে পরিণত করেছে। ধর্মীয় বিশ্বাস মানুষকে প্রেরণা দিতে পারে, বিজ্ঞান দেখাতে পারে সঠিক পথ আর সম্মিলিত উদ্যোগ ঢাকা ঘোষণাকে রূপ দিতে পারে বাস্তব কর্মযজ্ঞে।

লেখক : অধ্যাপক, ডায়াবেটোলজি ও প্রকল্প পরিচালক সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

সর্বশেষ সর্বাধিক পঠিত