চট্টগ্রামে ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১০ হাজার ইয়াবা বড়িসহ হাসিবুর রহমান (৩৯) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।
 
শনিবার (১৪ নভেম্বর) বিকালে ডিবি বন্দর বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী এ তথ্য জানান। এর আগে শুক্রবার বিকালে উপজেলার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। এ সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
 
পাশাপাশি এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত