ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত সেই যুবকের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

বিয়ের আনন্দ-উচ্ছ্বাস তখনো কাটেনি। নতুন সংসার সাজানোর স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মোবারক আলী বারেক (৩৫)। কিন্তু বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নববধূর জীবনে।

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোবারক আলী শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

যুবক মোবারক আলী উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির মৃত মুহাম্মদ মুসার ছেলে। পেশায় কৃষক মোবারক গত ১৪ অক্টোবর বিয়ে করেছিলেন। বিয়ের এক মাস পূর্ণ হওয়ার আগেই তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যায় গহিরা-ফটিকছড়ি সড়কের পূর্ব মাইজভান্ডার আমতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ জিসান (১৮) নামের আরেক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন মোবারক আলী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মোবারক।




সর্বশেষ সর্বাধিক পঠিত