চন্দনাইশ হাসপাতাল কমিটিতে সাংবাদিক প্রতিনিধি নুরুল আলম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পরামর্শক্রমে চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাংবাদিক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর এবং দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম।

এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দোহাজারী পৌরসভা এলাকায় চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সম্মাননা স্মারকও প্রদান করা হয়।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবমনোনীত সদস্য ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি ও চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নাছির উদ্দীন বাবলু, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এম ফয়েজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, সদস্য মো. লোকমান হাকিম, জাহেদ হোসেন খান, ছৈয়দ শাহাবুদ্দিন মোহাম্মদ আজিজ চন্দনাইশীসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

বক্তারা সাংবাদিক মো. নুরুল আলমকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে এ দায়িত্ব দেওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে নুরুল আলম চন্দনাইশের মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরছেন। তিনি একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক।

দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম বলেন, উপজেলা হাসপাতালের সেবার মান বাড়াতে একজন সাংবাদিক প্রতিনিধি থাকা অত্যন্ত প্রয়োজন ছিল। সংসদ সদস্য সঠিক ব্যক্তিকেই যথাযথ জায়গায় মনোনীত করেছেন।

দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু বলেন, সাধারণ রোগীরা যাতে হাসপাতালে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং চিকিৎসক ও নার্সরা যথাযথভাবে সেবা দেন, সেদিকে নুরুল আলম নজর রাখবেন বলে তারা আশা করেন।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল বলেন, এ মনোনয়ন শুধু নুরুল আলমের ব্যক্তিগত সম্মান নয়, বরং চন্দনাইশের সব সাংবাদিকের জন্য সম্মানের।

সংবর্ধনার জবাবে মো. নুরুল আলম সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ দায়িত্ব তার জন্য অনেক বড় সম্মানের। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চন্দনাইশ উপজেলা হাসপাতালের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন। পাশাপাশি হাসপাতালে কোনো অনিয়ম থাকলে তা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য তিনি চিরকৃতজ্ঞ। এ দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত