দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি এসএমজি, দেশি-বিদেশি পিস্তল, অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গয়না, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধনীসামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭টি আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা-পাতা ও ১ হাজার ৬৮৫ কেজি সুপারি।
এ ছাড়া ৩৮১টি মোবাইল, ১৫ হাজার ৪৮টি মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮টি মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০টি জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছেÑ ৪০ হাজার চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ১০টি কষ্টি/বেলে পাথর। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত আটটি ট্রাক বা কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, আটটি প্রাইভেট কার বা মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল ও ভ্যান এবং ৩৬টি নৌকা জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২টি ইয়াবা, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।