বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ৬৭ মামলা: সংসদে বাণিজ্যমন্ত্রী

১০ হাজারের বেশি অভিযানে ১৬ হাজার ৫২৯ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ১৫ কোটি টাকার বেশি।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং বাজারে সিন্ডিকেট ও প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম বন্ধে ৬৭টি মামলা করেছে সরকার। এসব মামলার মধ্যে আটটিতে ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। এর অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বাজারগুলোতে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি অভিযান পরিচালনা করছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ১০ হাজার ১৪৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাজারে সিন্ডিকেট ও যোগসাজশের মাধ্যমে প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম ঠেকাতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে বিভিন্ন পণ্যের বাজারে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চাল, তেল, ডিম ও মুরগিসংক্রান্ত আটটি মামলায় ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

নিম্ন আয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রিও অব্যাহত রয়েছে। সরকারের মতে, এসব পণ্য বিক্রির ফলে বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়তা পাওয়া যাচ্ছে।

এ ছাড়া দেশীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে সুবিধা বজায় রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেটবিরোধী সচেতনতা তৈরিতে বিভিন্ন বণিক সমিতি ও অংশীজনদের সঙ্গেও সভা করেছে সরকার। এর মধ্যে রয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্রেড অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে বলে লিখিত জবাবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত