বিদেশি বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। নতুন এ কার্যালয়ের মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে সরাসরি সহায়তা পাবেন। রবিবার (১৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে আমরা প্রথম বিদেশি কার্যালয়ের জন্য এই শহরকে বেছে নিয়েছি। চীন ও বাংলাদেশ—উভয় দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের আমরা এই কার্যালয়ে যুক্ত করেছি। তারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তবে বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।’
গুয়াংজু কার্যালয়ে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ। রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে রয়েছেন ইয়াং ওয়েনচুয়াং।
মে ঝৌর চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ইয়াং ওয়েনচুয়াংয়েরও দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পাশাপাশি, চীনের আইনজীবী হিসেবেও তার যোগ্যতা রয়েছে। বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায়ও তার অভিজ্ঞতা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগবিষয়ক প্রচার কার্যক্রম, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে। নতুন কার্যালয় এসব কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশেষ করে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাঁদের বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল দেশটি। ওই বছর চীন থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা বাংলাদেশের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে গুয়াংজু কার্যালয়।
কার্যালয়টির ঠিকানা- ইউনিট ২৪০৭, জিয়ানহে সেন্টার, ১১১–১১৩ তিয়ু ওয়েস্ট রোড, তিয়ানহে জেলা, গুয়াংজু, গুয়াংডং প্রদেশ, চীন। বিস্তারিত তথ্য ইনভেস্ট বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে।