কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ এএম

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদ- পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

রবিবার ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা এবং নতুন মানদ- পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।

জানা গেছে, এ প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হবে। এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত