অনন্যা পান্ডে সরল স্বীকারোক্তি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

বলিউডে উত্তরাধিকার সুবিধা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনেতা চাঙ্কি পা-ের কন্যা অনন্যা পা-েকে ঘিরে এই আলোচনা বেশ জোরালো। তবে এবার নিজের পারিবারিক পরিচয় এবং ইন্ডাস্ট্রিতে পাওয়া বাড়তি সুযোগ-সুবিধা নিয়ে কোনো রাখঢাক না রেখেই কথা বলেছেন এই অভিনেত্রী। অকপটে স্বীকার করেছেন, তারকাসন্তান হিসেবে তিনি বিশেষ সুবিধা পেয়েছেন এবং বাবার পরিচয়ে পরিচিত হতে তিনি গর্ববোধ করেন।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২৪তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে নেপোটিজম প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন অনন্যা। তিনি জানান, তারকাসন্তান হওয়ার সুবাদে যে বাড়তি সুবিধা তিনি পেয়েছেন, তা অস্বীকার করার কোনো মানে হয় না। বাবার নামের সঙ্গে নিজের পরিচয় জড়িয়ে থাকাকে তিনি কখনোই নেতিবাচকভাবে দেখতে চান না। অভিনেত্রীর মতে, বাইরের মানুষ তাকে নিয়ে যা-ই ভাবুক না কেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের স্বপ্নের জীবনযাপনের সুযোগ পাওয়ার জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ভাগ্যবান এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত বলেও অকপটে মেনে নেন তিনি।

২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। সে বছরই তারকাসন্তানদের সংগ্রাম নিয়ে এক মন্তব্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গিতে যে পরিপক্বতা এসেছে, সাম্প্রতিক বক্তব্যেই তার প্রমাণ মিলল।

একই মঞ্চে বর্তমান প্রজন্ম বা ‘জেন-জি’দের নিয়ে প্রচলিত সমালোচনারও জবাব দেন অনন্যা পা-ে। তার মতে, অকারণেই এই প্রজন্মকে নেতিবাচকভাবে বিচার করা হয়। আগের প্রজন্মের তুলনায় জেন-জিদের কাছে সাফল্যের সংজ্ঞা ভিন্ন। কেউ দীর্ঘ সময় পরিশ্রম করে সফল হয়, আবার কেউ তুলনামূলক কম সময়েই নিজের জায়গা তৈরি করে নেয়। সাফল্য অর্জনের পথ সবার জন্য এক হতে হবে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই বলেই মনে করেন এই অভিনেত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত