একসময় পুঁজিবাজারে বিনিয়োগের অন্যতম আকর্ষণ ছিল ভালো লভ্যাংশ দেওয়া কোম্পানির শেয়ার। বিশেষ করে যেসব কোম্পানি নিয়মিত নগদ লভ্যাংশ দিত, সেসব প্রতিষ্ঠানের শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী ছিলেন অনেক বিনিয়োগকারী। তাদের আশা ছিল, শেয়ারের দাম বাড়ার পাশাপাশি প্রতিবছর লভ্যাংশ থেকেও আয় আসবে। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সে চিত্র। দুর্বল অর্থনীতি আর বাজার মন্দা থাকার কারণে ভিন্ন ভাবনায় ডুবেছেন বিনিয়োগকারীরা। ডিভিডেন্ড বা লভ্যাংশনির্ভর বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা।
বাজারসংশ্লিষ্টদের মতে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। এসবের মধ্যে কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ কমে যাওয়া, মুনাফার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা, শেয়ারের দরপতনের ঝুঁকি এবং বিকল্প বিনিয়োগে তুলনামূলক আকর্ষণীয় রিটার্নের সুযোগ অন্যতম। পাশাপাশি পুঁজিবাজারের প্রতি দীর্ঘমেয়াদি আস্থার ঘাটতিও এ প্রবণতাকে প্রভাবিত করছে।
লভ্যাংশে অনিশ্চয়তা : ডিভিডেন্ডনির্ভর বিনিয়োগের প্রধান আকর্ষণ হলো নিয়মিত নগদ আয়। কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রে নগদ লভ্যাংশের পরিমাণ আগের তুলনায় কমে যাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান মুনাফা করলেও কাক্সিক্ষত হারে নগদ লভ্যাংশ দিচ্ছে না। আবার কিছু কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার দেওয়ার দিকে ঝুঁকছে। এতে নিয়মিত আয়ের আশায় শেয়ার কেনা বিনিয়োগকারীরা হতাশ হচ্ছেন। কারণ বোনাস শেয়ার হাতে এলেও তা থেকে সরাসরি নগদ অর্থ পাওয়া যায় না।
একইভাবে কোম্পানির আর্থিক প্রতিবেদন ভালো হলেই যে বিনিয়োগকারীরা আকর্ষণীয় লভ্যাংশ পাবেন, এমন নিশ্চয়তা নেই। ব্যবসায়িক ব্যয়বৃদ্ধি, উৎপাদন খরচ, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক প্রতিষ্ঠানের মুনাফা চাপে রয়েছে। কোনো কোনো কোম্পানির আয় বাড়লেও পরিচালন ব্যয় ও আর্থিক ব্যয় বেড়ে যাওয়ায় নিট মুনাফা আকাক্সক্ষা অনুযায়ী হচ্ছে না। ফলে ভবিষ্যতে কোম্পানিটি আগের মতো লভ্যাংশ দিতে পারবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো বিনিয়োগকারী ১০০ টাকা দরে একটি শেয়ার কিনে ১০ টাকা নগদ লভ্যাংশ পেলেন। কিন্তু পরবর্তী সময়ে শেয়ারটির বাজারদর কমে ৮০ টাকায় নেমে এলে লভ্যাংশ পাওয়ার পরও তার মোট বিনিয়োগমূল্য কমে যাবে। অর্থাৎ লভ্যাংশ থেকে আয় হলেও শেয়ারের দরপতনের কারণে মূলধনি লোকসান হতে পারে। এ কারণে বিনিয়োগকারীরা এখন শুধু ডিভিডেন্ড ইল্ড নয়, শেয়ারের সম্ভাব্য বাজারমূল্য ও সামগ্রিক রিটার্নের দিকেও নজর দিচ্ছেন। ব্যাংকে নিশ্চিত মুনাফা রয়েছে কিন্তু শেয়ারবাজারে তা নেই এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের তেমন করারও কিছু থাকে না। কারণ বিনিয়োগকারীর বা শেয়ারধারী ব্যক্তির কাছে শেয়ার রয়েছে মানে ওই কোম্পানির মালিকানা রয়েছে। তাই নিয়মমতো লাভ-লোকসান বা কোম্পানির যেকোনো সিদ্ধান্ত মানতে তিনি বাধ্য।
অন্যদিকে, লভ্যাংশ ঘোষণার আগে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। বিনিয়োগকারীরা ভালো লভ্যাংশের আশায় শেয়ার কেনেন। কিন্তু রেকর্ড ডেটের পর শেয়ারের দাম সমন্বয় করা হলে কিংবা বিক্রির চাপ তৈরি হলে দর কমে যেতে পারে। এতে লভ্যাংশ পাওয়ার পরও অনেক সময় বিনিয়োগকারীদের আশানুরূপ মুনাফা আসে না। বিশেষ করে স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের কাছে এ ধরনের অভিজ্ঞতা ডিভিডেন্ডনির্ভর বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।
ব্যাংক আমানত ও সঞ্চয়পত্রের আকর্ষণ : ডিভিডেন্ডনির্ভর বিনিয়োগের প্রতি আগ্রহ কমার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিকল্প বিনিয়োগের সুযোগ। ব্যাংকের আমানত ও সরকারি সঞ্চয়পত্র থেকে তুলনামূলকভাবে নিশ্চিত আয় পাওয়ার সুযোগ থাকে। তাই অনেক বিনিয়োগকারী শেয়ারবাজারের ঝুঁকি নিতে চান না। কারণ শেয়ারবাজারে লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা নেই, পাশাপাশি শেয়ারের দাম কমে মূলধনি লোকসানের আশঙ্কা থাকে। অন্যদিকে নির্দিষ্ট মেয়াদে ব্যাংক-আমানত বা সঞ্চয়পত্র থেকে আয় পাওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।
বিষয়টি নিয়ে কথা বললে রাসেল আহমেদ নামের এক বিনিয়োগকারী দেশ রূপান্তরকে বলেন, ‘লোকসান দিতে দিতে এখন শেয়ারবাজারের প্রতি অনাস্থা ধরে গেছে। এ কারণে আমার মতো অনেকেই সঞ্চয়পত্র বা ব্যাংক-আমানতে চলে যাচ্ছেন। কারণ কম বা বেশি হোক এখানে নিশ্চিত লাভের আশা রয়েছে। শেয়ারবাজারে তা নেই। এ কারণে অনেকেই বিনিয়োগ সরাচ্ছেন। সবাই তার পুঁজির নিরাপত্তা চান।’
একই বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, অনেকগুলো কারণে বিনিয়োগকারীরা শঙ্কিত। শেয়ারবাজারে অস্থিরতা আছে, রয়েছে রাজনৈতিক অস্থিরতা। একইভাবে বৈশ্বিক অস্থিরতা রয়েছে, যে কারণে বিনিয়োগকারীরাও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। মূলত নিরাপত্তার কারণেই তারা বিকল্প চিন্তা করছেন।
করপোরেট সুশাসন ও আর্থিক প্রতিবেদনে আস্থার সংকট : কোম্পানির আর্থিক প্রতিবেদন ও ঘোষিত মুনাফার ওপর আস্থা না থাকলে লভ্যাংশনির্ভর বিনিয়োগও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কোনো প্রতিষ্ঠানের ইপিএস বাড়লেও পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের প্রবাহ কমে যেতে পারে। আবার কাগজে-কলমে মুনাফা থাকলেও পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় লভ্যাংশ প্রদানে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি কোম্পানির পরিচালকদের সিদ্ধান্ত, আর্থিক তথ্যের স্বচ্ছতা এবং করপোরেট সুশাসন নিয়ে প্রশ্ন থাকলে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ হারান।
অন্যদিকে শেয়ারবাজারের বাইরে স্বর্ণ, জমি, ব্যাংক-আমানতসহ বিভিন্ন বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে সম্ভাব্য রিটার্ন তুলনামূলকভাবে আকর্ষণীয় মনে হলে বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ারবাজারে ডিভিডেন্ডনির্ভর বিনিয়োগ কমিয়ে দিতে পারেন। একই সঙ্গে বাজারে তারল্য সংকট, শেয়ারের দরপতন এবং দুর্বল কোম্পানির উপস্থিতির কারণে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ কমে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, একটি কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিলেও তার শেয়ারের বাজারদর ধারাবাহিকভাবে কমতে থাকলে বিনিয়োগকারীর সামগ্রিক রিটার্ন নেতিবাচক হতে পারে। আবার কোনো কোম্পানি সাময়িকভাবে কম লভ্যাংশ দিলেও ব্যবসা সম্প্রসারণ ও মুনাফাবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ভালো রিটার্ন দেওয়ার সক্ষমতা তৈরি করতে পারে। তাই শুধু ডিভিডেন্ড ইল্ডের লভ্যাংশপ্রাপ্তি ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। বিনিয়োগ করতে হয় দীর্ঘমেয়াদে। তাহলে শেয়ারবাজার থেকে ভালো কিছু আশা করা যায়।
বিষয়টি নিয়ে কথা বললে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘শেয়ারবাজারে যাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে, সেই জন্য বিএসইসি চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে বাজার ভালো হয় বা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, সে ধরনের বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে বড় বিনিয়োগকারীদের ৯৩টি অ্যাকাউন্টে শর্তসাপেক্ষে লেনদেন করার সুযোগ দেওয়া হয়েছে। মিউচুয়াল ফান্ড এবং বন্ড মার্কেটের উন্নয়নে কাজ চলছে। আশা করি, বিনিয়োগকারীদের শেয়ারবাজারের প্রতি আস্থা ফিরে আসবে।’
একই বিষয়ে কথা বলেলে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন বাজার মন্দা থাকায় এখানে বিনিয়োগ কমেছে। তবে বাজার ঘুরে দাঁড়ালে এ বাজারে বিনিয়োগও বাড়বে। বিনিয়োগকারীরা আসলে একটি স্থিতিশীল শেয়ারবাজার চান। বাজারে স্থিতিশীলতা বজায় থাকলে বিনিয়োগকারীরা বাজার ছেড়ে যাবেন না।