কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়াতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বের) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়।

জেলা প্রশাসন জানায়, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দীসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় চারটি কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা টহল বাড়াতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি চিঠি দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত