দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর প্রোগ্রামিং কমিটির ৬৩তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ অধিবেশনে সার্কভুক্ত দেশগুলোর জাতীয় ফোকাল পয়েন্ট, প্রোগ্রামিং কমিটির সদস্য এবং সংস্থাটির বিশেষায়িত প্রতিষ্ঠান ও আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রধানেরা অংশ নেন।
অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রামিং কমিটির চেয়ারম্যান কিরণ শাক্য। তিনি সার্কের ১৬তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়া দাশো সোনাম টপগেকে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্যে কিরণ শাক্য সার্কের আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের বৃহত্তর লক্ষ্য অর্জনে এসব প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নির্ভর করে তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা, কর্মসূচির মান ও প্রাসঙ্গিকতা, সদস্য দেশগুলোর অভিন্ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য এবং দক্ষিণ এশিয়ার মানুষের জীবনে বাস্তব অবদান রাখার ওপর।
এ জন্য সদস্য দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ, অর্থবহ সংলাপ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
নতুন মহাসচিব দাশো সোনাম টপগে দায়িত্ব গ্রহণের পরপরই প্রোগ্রামিং কমিটির অধিবেশনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। সদস্য দেশগুলোর প্রত্যাশা পূরণ এবং তাঁর পূর্বসূরিদের রেখে যাওয়া উচ্চমান বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন তিনি।
সার্কের মহাসচিব বলেন, উচ্চপর্যায়ের বৈঠক না থাকলেও আঞ্চলিক সংহতির চেতনা ধরে রাখতে প্রোগ্রামিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটির প্রশাসনিক, আর্থিক ও কর্মসূচিসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কমিটির অবদান রয়েছে।
এ অধিবেশনে সার্কের বিশেষায়িত প্রতিষ্ঠান ও আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়ে আরও গভীর আলোচনা এবং তাদের সমস্যা সমাধানে স্পষ্ট দিকনির্দেশনা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানগুলো যেসব কার্যক্রম পরিচালনা ও সাফল্য অর্জন করেছে, সেজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মহাসচিব।
অধিবেশনে আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সভার প্রতিবেদন, আগামী বছরের বাজেট, কর্মসূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ২০২৫ সালের ২৬ নভেম্বর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত প্রোগ্রামিং কমিটির ৬১তম অধিবেশন এবং ২০২৬ সালের ১১-১২ ফেব্রুয়ারি সার্ক সচিবালয়ে অনুষ্ঠিত ৬২তম অধিবেশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সার্ক সচিবালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডু থেকে অধিবেশনসংক্রান্ত এ তথ্য জানানো হয়।