শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব শিশু দিবস’। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ দিবসের মূল উদ্দেশ্য।
১৯৫৪ সালে জাতিসংঘ সর্বজনীন শিশু দিবস পালনের সুপারিশ করে। পরবর্তীতে ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকার ঘোষণাপত্র এবং ১৯৮৯ সালের একই দিনে ‘শিশু অধিকার সনদ’ গৃহীত হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ২০ নভেম্বর দিবসটি পালিত হয়।
বিশ্ব শিশু দিবসের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীনভাবে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা। পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, শোষণ ও অবহেলা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।
তবে বর্তমান বিশ্বে শিশুদের অধিকার সুরক্ষায় নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে বাস্তুচ্যুত শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলে অসংখ্য শিশু হারাচ্ছে স্বাভাবিক শৈশব, পরিবার ও নিরাপদ আশ্রয়।
বাংলাদেশেও শিশুদের অধিকার নিশ্চিত করতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতা প্রতিরোধের পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।