ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলেন দানি আলভেস

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

একসময় ইউরোপের নামীদামি সব ক্লাবের হয়ে ট্রফির পর ট্রফি জিতেছেন, আয় করেছেন কোটি কোটি ইউরো; অথচ সেই আলোর ঝলমলে জীবনকে ছাপিয়ে স্পেনের কারাগারে কাটানো দিনগুলোকেই নিজের সবচেয়ে সুখের সময় বলে দাবি করলেন দানি আলভেস। 

ইভাঞ্জেলিক্যাল ধর্মপ্রচারক হিসেবে সাম্প্রতিক এক ধর্মীয় আলোচনায় এই ব্রাজিলিয়ান কিংবদন্তি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনে যে পূর্ণতা ও প্রশান্তি তিনি পাননি, কারাবাসের ভেতরে ধর্মীয় বিশ্বাসে তা খুঁজে পেয়েছেন।

বার্সেলোনার কাছের ব্রায়ান্স ২ কারাগারে কাটানো ১৪ মাসের অভিজ্ঞতা স্মরণ করে আলভেস জানান, ভেতরে কাজ করার বিনিময়ে তিনি মাত্র ১১৩ ইউরো পেয়েছিলেন। ধর্মীয় ওই আলোচনায় উপস্থিত শ্রোতাদের সামনে নিজের অনুভূতি তুলে ধরে আলভেস বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি কোটি কোটি ইউরো আয় করেছি; কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করে আমি ওই কোটি কোটি ইউরো আয়ের সময়ের চেয়েও বেশি সুখী ছিলাম।’ 

সৃষ্টিকর্তার সঙ্গে নতুন করে গড়ে ওঠা সম্পর্ক ও জীবনবোধের পরিবর্তনের কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি অনেক প্রশ্ন করি। তাঁর সামনে আমি একজন শিশুর মতো। আমি সবকিছু নিয়েই তাঁকে জিজ্ঞাসা করি।’ 

ইভাঞ্জেলিক্যাল প্রচারক হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশে অংশ নিয়ে কারাগারের দিনলিপি এবং নিজের ভাষায় ভেতরের আধ্যাত্মিক রূপান্তরের গল্প বলছেন ৪৩ বছর বয়সী এই সাবেক রাইট-ব্যাক। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি; পরের বছরের ফেব্রুয়ারিতে সাড়ে চার বছরের কারাদণ্ড পেলেও প্রায় ১৪ মাস বিচারপূর্ব আটকাদেশে থাকার পর ২০২৪ সালের মার্চে ১০ লাখ ইউরো জামিনে মুক্তি পান। 

এরপর ২০২৫ সালের মার্চে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের সর্বোচ্চ আদালত আপিলের ভিত্তিতে তাঁর সাজা বাতিল করে বেকসুর খালাস দেন, আদালতের রায়ে বলা হয়, আগের রায়ে বেশ কিছু অসংগতি ছিল এবং নির্দোষ থাকার আইনি অনুমান খণ্ডন করার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না।

মাঠের ক্যারিয়ারে আলভেসের অর্জন ছিল আকাশছোঁয়া। বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী ৪৬টি অফিশিয়াল শিরোপা নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় তিনি; কাতালান ক্লাবটির হয়ে ৪০৯টি অফিশিয়াল ম্যাচে ২৩ গোল ও ২৩ ট্রফি জয়ের পাশাপাশি জুভেন্টাসের হয়ে সিরি-আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ শিরোপা জেতেন। এ ছাড়া ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচে ২০০৭ ও ২০১৯ সালে দুবার কোপা আমেরিকা এবং ২০০৯ ও ২০১৩ সালে দুবার কনফেডারেশনস কাপ জিতেছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত